উপজেলায় ১৩২টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা
নবীনগরে প্রতিমা তৈরির কারখানা পরিদর্শন করলেন পুলিশ সুপার, নিরাপত্তা জোরদার
[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রতিমা তৈরির কারখানা পরিদর্শন করেছেন নবাগত পুলিশ সুপার মু. জালাল উদ্দিন ফাহিম। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় নবীনগর উপজেলার ভোলাচং কুমারপাড়ায় অবস্থিত প্রতিমা তৈরির বিভিন্ন কারখানা সরেজমিনে পরিদর্শন করেন তিনি।
এ সময় কারখানাগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি করার পাশাপাশি কারিগর ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে খোঁজখবর নেন পুলিশ সুপার।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছর ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট ৬২৮টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে শুধু নবীনগর উপজেলাতেই ১৩২টি পূজামণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি চলছে।
পূজা উৎসব যেন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে জেলা পুলিশ।
মণ্ডপ ও প্রতিমা তৈরির স্থানগুলোতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
প্রতিমা তৈরির কারখানা পরিদর্শন শেষে পুলিশ সুপার মু. জালাল উদ্দিন ফাহিম বলেন, “যেসব স্থানে দুর্গাপূজার প্রতিমা তৈরি করা হচ্ছে, সেসব জায়গায় আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এর পাশাপাশি পুলিশের নিয়মিত টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।
পূজা উপলক্ষে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চলমান রয়েছে। আমরা আশা করছি, সকলের সহযোগিতায় এবার অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।”
পরিদর্শনকালে পুলিশ সুপারের সাথে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম, নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব কান্তি নাথ, উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য সংবাদিক মিঠু সূত্রধর পলাশ, মানিক বিশ্বাস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
« কসবায় ইজিপিপি বরাদ্দ নিয়ে বিএনপির দুই পক্ষের হাতাহাতি, আহত ৫ (Previous News)
(Next News) শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেল ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা »



















