নবীনগরে পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরের পানিতে ডুবে আরমান (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার জিনদপুর ইউনিয়নের হুরুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরমান ওই এলাকার শান্ত মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে খেলতে যায় শিশু আরমান। খেলার একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায় আরমান। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে শিশুকে পাওয়া যায়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরমানকে মৃত ঘোষণা করেন।
জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আওয়াল রবি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সবার অগোচরে গিয়ে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক শিশু পানিতে ডুবে মারা গেছে। মানবিক দৃষ্টিকোণ ও পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



















