Main Menu

জাল খতিয়ান তৈরি করে জমি আত্মসাতের চেষ্টা, অষ্টগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের নায়েব কারাগারে

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ায় জালিয়াতির মাধ্যমে জমির খতিয়ান তৈরি করে অন্যের জমি আত্মসাতের চেষ্টার অভিযোগে করা মামলায় মো. শাহজাহান মিয়া নামে এক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (৪র্থ) বিচারক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মো. শাহজাহান মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) হিসেবে কর্মরত রয়েছেন।
আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রাম উত্তরপাড়ার বাসিন্দা মৃত জলফু মিয়ার ছেলে মো. মোজাম্মেল হক ১৯৮৯ সালের ১ এপ্রিল ১৭৯২ নম্বর সাফকবলা দলিলের মাধ্যমে ৩৮ নম্বর মোহনপুর মৌজায় ৩৪ দশমিক ২৫ শতক জমি কেনেন। জমি কেনার কিছুদিন পর তিনি সপরিবারে প্রবাসে চলে যান।
অভিযোগ অনুযায়ী, এ সুযোগে একই এলাকার কামাল উদ্দিন, দুলাল মিয়া, মোহাম্মদ আলী ও মহরম আলী পরস্পর যোগসাজশে ওই জমির জাল খতিয়ান তৈরি করেন। এতে সহযোগিতা করেন মামলার পঞ্চম আসামি ভূমি সহকারী কর্মকর্তা শাহজাহান মিয়া। তাঁদের বিরুদ্ধে জাল খতিয়ান তৈরি করে জমিটি আত্মসাতের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
প্রবাসে থাকা অবস্থায় বিষয়টি জানতে পেরে দেশে ফিরে আসেন মোজাম্মেল হক। পরে গত ৩০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঁচজনকে আসামি করে মামলা করেন তিনি।
মামলার সূত্রে আরও জানা যায়, আদালত মামলাটি আমলে নিয়ে অভিযোগ তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন। তদন্ত শেষে সিআইডি আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে মামলার পঞ্চম আসামি শাহজাহান মিয়া আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলায় বাদীপক্ষে আইনজীবী ছিলেন জাকির হোসেন রাসেল। আসামিপক্ষে ছিলেন আইনজীবী তাহমিদ বিন রহমান।
ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক (সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. হাবিবুল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares