Main Menu

চেয়ারম্যান জালাল উদ্দিনকে পুনর্বহালের নির্দেশ ডিসির, অভিযোগ তুলে ডাকা প্রেস কনফারেন্স বাতিল

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিনকে স্বপদে পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে তাঁর আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাও পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের কার্যালয় থেকে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) এ-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসনের চিঠিতে বলা হয়েছে, একটি মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে থাকায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা ও জনসেবা অব্যাহত রাখার স্বার্থে আইন অনুযায়ী প্যানেল চেয়ারম্যান-১ কে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছিল। পরে জালাল উদ্দিন জামিনে মুক্ত হয়ে গত ২৩ আগস্ট চেয়ারম্যান হিসেবে পুনরায় দায়িত্ব পালনের জন্য আবেদন করেন। আবেদনের সঙ্গে মামলার কাগজপত্র ও সংশ্লিষ্ট নথিও জমা দেন তিনি।
পরে বিষয়টি নিয়ে সরকারি আইনজীবীর মতামত নেওয়া হয়। আইনজীবীর মতামতে চেয়ারম্যানের পুনরায় স্বপদে যোগদানের ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বলে জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক মো. আবুসাঈদ তাঁকে স্বপদে পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
তবে ৫ অক্টোবর পর্যন্ত জালাল উদ্দিন ইউনিয়ন পরিষদে দায়িত্ব গ্রহণ করেননি। ৫ আগস্ট-পরবর্তী সময়ে তিনি আত্মগোপনে ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে ওই সময়ের একটি মামলায় কিছুদিন কারাভোগের পর জামিনে মুক্ত হন তিনি।
এদিকে, জালাল উদ্দিনের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে সোমবার দুপুরে দক্ষিণ ইউনিয়ন পরিষদে সংবাদ সম্মেলনের আয়োজন করা হলেও পরে তা বাতিল করা হয়। তবে ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপির নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. শাহনেওয়াজ খান বলেন, জালাল উদ্দিন পরিষদে আসবেন না বলে তাঁরা আশ্বস্ত হয়েছেন। এ বিষয়ে ৭ অক্টোবরের পর বিস্তারিত জানানো হবে। জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares