Main Menu

কেমিক্যাল দিয়ে দুর্গন্ধ দূর করে পচা ডিমে তৈরি হচ্ছিল বেকারি পণ্য, জরিমানা ১ লাখ টাকা

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ায় পচা ডিমে বেকারির বিভিন্ন খাদ্যপণ্য তৈরির অভিযোগে এশিয়া বেকারির মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরের এলহামপাড়ায় অবস্থিত এশিয়া বেকারিতে অভিযান চালিয়ে এ অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
তিনি জানান, অভিযানে দেখা যায়, বেকারিটিতে পচা ও খাওয়ার অনুপযোগী ডিম দিয়ে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসব ডিম সংগ্রহ করে বিশেষ কেমিক্যাল দিয়ে দুর্গন্ধ দূর করার পর বেকারির পণ্য তৈরিতে ব্যবহার করা হচ্ছিল।
অভিযানের সময় বেকারির মালিক বিষয়টি স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকার করে মুচলেকা দেন।
সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী আরও জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পুনরায় করলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলে সতর্ক করা হয়েছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares