Main Menu

কিশোর গ্যাং দমন ও নম্বরবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালানো হবে: পুলিশ সুপার

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ায় নবাগত পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম (পিপিএম-সেবা) বলেছেন, কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে শিগগিরই কার্যক্রম শুরু করা হবে। পাশাপাশি নম্বরবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালানো হবে। মাদক কারবারি ও এর সঙ্গে জড়িত মূল হোতাদের আইনের আওতায় আনতেও পুলিশ কাজ করবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় পুলিশ সুপার বলেন, মাদক একটি গুরুতর সামাজিক সমস্যা। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। মাদকসেবী থেকে শুরু করে মাদক কারবারি ও ব্যবসার সঙ্গে জড়িত মূল হোতাদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করবে।
বিট পুলিশিং কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়িয়ে এ কার্যক্রম পরিচালনা করা হবে। ‘দুষ্টের দমন, শিষ্টের পালন’ নীতি অনুসরণ করে পুলিশ কাজ করবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের অংশগ্রহণ ও সহযোগিতাও প্রয়োজন।
ব্রাহ্মণবাড়িয়া শহরের যানজট নিরসনে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে পুলিশ সুপার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য তুলে ধরার আহ্বান জানান।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবকে সুসংগঠিত সংগঠন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ সংগঠনকে দেখে অন্য সংগঠনগুলোরও শেখার আছে।
প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা। সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ সভাটি সঞ্চালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সাঈদ মো. গাওছাল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম রকীব উর রাজাসহ ব্রাহ্মণবাড়িয়া জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares