কসবায় নারিকেল পাড়ায় কিশোরকে কুপিয়ে হত্যার অভিযোগ
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে দিদারুল আলম (১৫) নামের এক কিশোরকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে তার মৃত্যু হয়। এ ঘটনায় মাহিদ মিয়া (২২) নামের এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে কসবা উপজেলার ২ নম্বর মেহারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চৌবেপুর উত্তরপাড়া এলাকায়। নিহত দিদারুল ওই এলাকার আল আমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী ইউনুছ মিয়ার স্ত্রী রুনা আক্তার নারিকেল পাড়ার জন্য দিদারুলকে ডেকে নিয়ে যান। এ সময় ইউনুছ মিয়ার ভাতিজা মাহিদ মিয়া নারিকেল পাড়তে বাধা দেন। এ নিয়ে রুনা আক্তারের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে মাহিদ দিদারুলের কাছে জানতে চান, তিনি কেন নারিকেল পাড়তে এসেছেন। জবাবে দিদারুল জানান, রুনা আক্তারই তাঁকে ডেকে এনেছেন। এ সময় মাহিদ তাঁকে নারিকেল পাড়লে মেরে ফেলার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। জবাবে দিদারুল তাঁকে মারতে নিষেধ করেন।
পরে দিদারুল বাড়ির উদ্দেশে রওনা হলে মাহিদ তাঁকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ উঠেছে। তাঁর চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
গত ২১ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে দিদারুলকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার স্পেশালাইজড মেডিকেল কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ১২টা ৪০ মিনিটে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় একজনের ভাষ্য অনুযায়ী, ১০০ থেকে ১৫০ টাকার বিনিময়ে নারিকেল পাড়তে গিয়েছিল দিদারুল। তবে এ তথ্য পুলিশি বিবরণে উল্লেখ নেই।
এ বিষয়ে কসবা থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
« সরাইল থানায় এমপি রুমিন-ওসির বাগ্বিতণ্ডা, পুলিশের জিডি (Previous News)
(Next News) সরাইল থানায় এমপি রুমিন-ওসির বাগ্বিতণ্ডার ঘটনায় পুলিশের জিডি, থানায় যাওয়া ব্যক্তিদের হচ্ছে তালিকা »



















