রেজিস্ট্রেশনবিহীন নার্স, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স-ব্রাহ্মণবাড়িয়ায় নাজ মেডিকেল সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড় এলাকায় অবস্থিত নাজ মেডিকেল সেন্টার ও জেনারেল হাসপাতাল-এ বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে পরিচালিত অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসেন আলী হাসপাতালটি পরিদর্শন করেন।
অভিযানকালে দেখা যায়, হাসপাতালটিতে রেজিস্ট্রেশনবিহীন নার্স দিয়ে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। এছাড়া হাসপাতাল পরিচালনার লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলেও তা নবায়ন করা হয়নি। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় ব্যাপক অনিয়ম এবং লাইসেন্সে অনুমোদিত বেডসংখ্যার প্রায় দ্বিগুণ বেড স্থাপন করে রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার বিষয়টিও ধরা পড়ে।
এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী নাজ মেডিকেল সেন্টার ও জেনারেল হাসপাতালকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
এ সময় হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত সকল অনিয়ম দূর করে রোগীদের জন্য মানসম্মত ও যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে কঠোর নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের পক্ষে প্রসিকিউশন পরিচালনা করেন মেডিকেল অফিসার ডা. জুবায়ের আহমেদ। জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



















