Main Menu

ভোট দিলেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের প্রার্থী জোনায়েদ সাকি

[Web-Dorado_Zoom]

বাঞ্ছারামপুরে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার (১২ফেব্রয়ারি) সকাল সাড়ে ৮টায় উপজেলার ফরদাবাদ ইউনিয়নের কলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের বিএনপির জোট সমর্থিত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

সাকি বলেন, আজকের দিনটি অনেক প্রতীক্ষিত। অসংখ্য শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আমরা এ দিনটি পেয়েছি। গণতান্ত্রিক সংগ্রামে যারা জীবন উৎসর্গ করেছেন, আহত হয়েছেন, তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই।

তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী লড়াই থেকে শুরু করে দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় আজকের এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ আন্দোলনের অন্যতম ভরসার কেন্দ্র ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি আজকের দিনটি দেখে যেতে পারেননি, তবু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

ভোটের পরিবেশ সম্পর্কে সাকি বলেন, নানা আশঙ্কা থাকা সত্ত্বেও ভোটকেন্দ্রে মানুষ আসছেন। আমি এই কেন্দ্রে ভোট দিলাম, এখন পর্যন্ত পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। আমরা আশা করি, সব প্রার্থী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা রাখবেন।

তিনি আরও বলেন, আমরা একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। অনেক লড়াই ও ত্যাগের বিনিময়ে যে পরিবেশ তৈরি হয়েছে, তা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। নির্বাচনে জয়-পরাজয় থাকবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কেউ বেশি ভোট পাবেন, কেউ কম পাবেন। তবে সবার মতামত ও মর্যাদা নিশ্চিত করতে হবে।

সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেই বিজয়ী হোক না কেন, শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক রূপান্তরকে সফল করতে পারলেই শহীদদের রক্তস্নাত স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares