Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের নির্দেশ

[Web-Dorado_Zoom]
সরকারি-বেসরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব ড. মোহাম্মদ আমজাদ হোসেন। তিনি বলেছেন, আগামী পাঁচ বছরে সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে সাড়ে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে রুফটপ সোলার স্থাপনবিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।
ড. মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানোর কোনো বিকল্প নেই। দেশের সীমিত সম্পদ দিয়ে জ্বালানির চাহিদা পূরণ এবং এ খাতে ক্রমবর্ধমান ভর্তুকির চাপ কমাতে সৌরবিদ্যুতের উৎপাদন বাড়াতে হবে। এ জন্য সরকারি ও বেসরকারি ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে সংশ্লিষ্ট সবাইকে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়তে এবং দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো জরুরি। সরকারের এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক মো। আবুসাঈদের সভাপতিত্বে সভায় বিশেষভাবে সোলার প্যানেল স্থাপন ও রক্ষণাবেক্ষণের চ্যালেঞ্জ মোকাবিলার ওপর গুরুত্ব দেওয়া হয়। তিনি বলেন, জনগণের স্বার্থে সৌরবিদ্যুৎ কর্মসূচি বাস্তবায়নে সব বাধা অতিক্রম করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট দপ্তরপ্রধানদের সহযোগিতা কামনা করেন তিনি।
জেলার ফোকাল পার্সন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দের সঞ্চালনায় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা অংশ নেন এবং তাঁদের মতামত তুলে ধরেন।
সভায় জানানো হয়, আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৭ সালের মধ্যে সরকারি স্থাপনাগুলোর ছাদে সোলার প্যানেল স্থাপনের কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ কাজে জেলা ও
উপজেলা বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সমন্বয় কমিটি এবং ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ কর্মসূচি বাস্তবায়ন কমিটির সমন্বয়ে বিদ্যুৎ বিতরণ সংস্থার স্থানীয় কার্যালয়গুলো প্রয়োজনীয় সহায়তা দেবে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares