ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ: অতিরিক্ত আইজিপির নেতৃত্বে তদন্ত কমিটি
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়াকে কেন্দ্র করে মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর। খবরটি প্রকাশ করেছে অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন।
শনিবার (২২ আগস্ট) পুলিশ সদর দপ্তরের একটি সূত্রের বরাত দিয়ে বাংলা ট্রিবিউন জানায়, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) খন্দকার রফিকুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অপর দুই সদস্য হলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) মোহাম্মদ নাজমুল হাসান এবং ব্রাহ্মণবাড়িয়া পিবিআইয়ের পুলিশ সুপার শচীন চাকমা।
এর আগে গত মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেড্ডা এলাকায় পুলিশ লাইনস মাঠের ড্রিল শেডে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হন। আহতদের অধিকাংশই মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা গেছে।
ঘটনার সূত্রপাত হয় পুলিশ লাইনসে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে। স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের প্রথমে বাগ্বিতণ্ডা হয়। পরে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। এতে সাংস্কৃতিক অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়।
জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ওই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছিল। অনুষ্ঠানকে ঘিরে সংঘর্ষের পর পুলিশের ভূমিকা, শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের আচরণ এবং সংঘর্ষের প্রকৃত কারণ নিয়ে প্রশ্ন ওঠে।
ঘটনার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে এর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)কে প্রধান করে তিন সদস্যের ওই কমিটি করা হয়।
স্থানীয় তদন্তের পাশাপাশি এবার পুলিশ সদর দপ্তর উচ্চপর্যায়ের কমিটি গঠন করায় ঘটনার বিভিন্ন দিক আরও বিস্তারিতভাবে পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশের ভূমিকা, সংঘর্ষের কারণ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপগুলো তদন্তের আওতায় আসবে বলে জানা গেছে।
« সিলেটে কিশোর রিফাত হত্যা মামলার আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার (Previous News)



















