ব্রাহ্মণবাড়িয়ায় মেয়েদের উচ্চশিক্ষার হার বাড়াতে হবে: এমপি শ্যামল
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার মেয়েদের উচ্চশিক্ষার হার বাড়াতে হবে। ব্রাহ্মণবাড়িয়া মহিলা কলেজে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার সুযোগ রয়েছে। এই কলেজেই যদি অনার্সের সাবজেক্টগুলো বাড়ানো যায় ও মাস্টার্সের ব্যবস্থা করা যায়, তাহলে জেলার মেয়েদের জন্য উচ্চশিক্ষার একটি বিরাট সুযোগ সৃষ্টি হবে।
মঙ্গলবার সকালে কলেজটির নবনির্মিত অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হান্নান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক মো. সাইফুল ইসলাম ও সহকারী অধ্যাপক সৈয়দা মারজিয়া সবনম। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা ও সহ-সভাপতি এ.বি.এম মমিনুল হক।
আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আজম, উপাধ্যক্ষ মিজানুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খন্দকার নাজমুল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক পরিষদ সদস্য মাজেদুল ইসলাম। শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুসকান ইসলাম।
উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় ৮ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নতুন ভবনটি নির্মিত হয়েছে।
« কসবায় সাপের কামড়ে শিশুর মৃত্যু, হাসপাতালে আরও ৩ ভর্তি (Previous News)



















