বাঞ্ছারামপুরে পরিত্যক্ত অবস্থায় আমেরিকান পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দড়িকান্দি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দড়িকান্দি এলাকায় একটি বালুর ঢিবির পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।
র্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় বালুর ঢিবির পাশের একটি গর্তে থাকা নীল রঙের একটি শপিং ব্যাগ তল্লাশি করে খাকি কাপড়ে মোড়ানো অবস্থায় **’Made in USA’** লেখা একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
র্যাব জানায়, অভিযানের সময় ঘটনাস্থলে অস্ত্রটির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। অস্ত্রটি সেখানে কীভাবে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, তা উদঘাটনে তদন্ত চলছে।
উদ্ধার করা পিস্তল ও ম্যাগাজিন সাধারণ ডায়েরি (জিডি) মূলে বাঞ্ছারামপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব-৯ আরও জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়ায় তাদের দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে এ পর্যন্ত ৫০টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৬টি ম্যাগাজিন, বিপুল পরিমাণ বিস্ফোরক, ডেটোনেটর, সাউন্ড গ্রেনেড, পেট্রোল বোমা, ককটেল এবং ১৫৫টি এয়ারগান উদ্ধার করা হয়েছে। বাহিনীটির দাবি, এসব অভিযান এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখছে।
« ব্রাহ্মণবাড়িয়ায় মেয়েদের উচ্চশিক্ষার হার বাড়াতে হবে: এমপি শ্যামল (Previous News)
(Next News) নাসিরনগরে নিষিদ্ধ রিং জাল জব্দ, একজনকে ৭ দিনের কারাদণ্ড »



















