ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ
[Web-Dorado_Zoom]
কারাগার কেবল শাস্তির জায়গা নয়, বরং বন্দিদের সংশোধন ও পুনর্বাসনের মাধ্যমে সমাজে ফিরিয়ে দেওয়ার একটি প্রতিষ্ঠান—এই প্রত্যয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে কারাগারের অভ্যন্তরে আয়োজন করা হয়েছে ফুটবল খেলার।
বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারা কর্তৃপক্ষের উদ্যোগে কারাগারের ভেতরের মাঠে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাটি উপভোগ করেন প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মো. মজিবুর রহমান মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন জেলার মো. হুমায়ুন কবির হাওলাদার ও ডেপুটি জেলার মো. জসিম উদ্দিন।
খেলা চলাকালে কারা কর্মকর্তারা বন্দিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সুশৃঙ্খল আচরণ পর্যবেক্ষণ করেন। বন্দিদের এমন ইতিবাচক অংশগ্রহণকে তারা সাধুবাদ জানান।
কারা সূত্রে জানা গেছে, বন্দিদের মানসিক সুস্থতা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে কারাগারের অভ্যন্তরে বন্দিদের নিয়ে একাধিক দল গঠন করা হয়েছে। এসব দলের মধ্যে নিয়মিত ফুটবল খেলার আয়োজন করা হচ্ছে। দীর্ঘদিনের বন্দিজীবনে এমন সুস্থ বিনোদনের সুযোগ পেয়ে বন্দিদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। খেলার সময় মাঠের চারপাশে থাকা বন্দিদের তালি ও উল্লাসে কারাগার প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
কারা কর্তৃপক্ষ বলছে, নিয়মিত খেলাধুলার সুযোগ বন্দিদের মানসিক চাপ ও হতাশা কমাতে সহায়ক হবে। পাশাপাশি অপরাধপ্রবণতা হ্রাস এবং সমাজে ফিরে যাওয়ার ক্ষেত্রে ইতিবাচক মানসিকতা তৈরিতেও খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
খেলায় অংশগ্রহণকারী বন্দিদের উৎসাহিত করতে ভবিষ্যতে পুরস্কার বিতরণের পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
এ ধরনের আয়োজন অব্যাহত রাখার জন্য কারা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন খেলায় অংশ নেওয়া বন্দিরা।
(Next News) ব্রাহ্মণবাড়িয়ায় চিরকুট লিখে কীটনাশক পান, বৃদ্ধের মৃত্যু »



















