ব্রাহ্মণবাড়িয়ায় চিরকুট লিখে কীটনাশক পান, বৃদ্ধের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় পুত্রবধূর সঙ্গে অভিমান করে চিরকুট লিখে কীটনাশক পান করা ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জসিম উদ্দিনের মৃত্যু হয়।
নিহত জসিম উদ্দিন সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রামের বলা গাজী বাড়ির মৃত ইদ্রিস মিয়ার ছেলে। অভাবের কারণে তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, রোববার ভোর ৪টার দিকে পুত্রবধূ মাছুমার সঙ্গে অভিমান করে স্থানীয় একটি মসজিদের সামনে কীটনাশক পান করেন জসিম উদ্দিন। পরে তিনি মসজিদের বারান্দায় শুয়ে থাকেন। বিষয়টি জানতে পেরে মসজিদের লোকজন পরিবারের সদস্যদের খবর দেন। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
পরিবারের দাবি, কীটনাশক পান করার আগে জসিম উদ্দিন একটি চিরকুট লিখে যান। চিরকুটে লেখা ছিল, **‘আমি হতভাগা, ছেলের বউয়ের জ্বালায় মরিলাম।’**
নিহতের ছেলে হাসান মিয়া অভিযোগ করেন, তার বাবা সহজ-সরল মানুষ ছিলেন। পুত্রবধূর তুচ্ছ-তাচ্ছিল্যপূর্ণ আচরণ সহ্য করতে না পেরে এবং তার সঙ্গে অভিমান করে বাবা আত্মহত্যা করেছেন। তিনি এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুত্রবধূর সঙ্গে অভিমান করে ওই বৃদ্ধ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্ত শেষে রোববার সন্ধ্যায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত পুত্রবধূ পলাতক রয়েছেন। বিষয়টি তদন্ত করে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















