Main Menu

বিজয়নগরে নৌকা থেকে পড়ে বিলের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিলে নৌকা থেকে পড়ে পানিতে ডুবে মো. নোয়াব মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার পত্তন ইউনিয়নের পত্তন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নোয়াব মিয়া বড়জগন্নাথপুর গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক দেড়টার দিকে নোয়াব মিয়া পত্তন বাজারের পশ্চিম পাশের নৌকা ঘাট থেকে একটি ছোট নৌকায় করে নিজের কৃষিজমি ও ক্ষেতখামার দেখতে যান। ঘাট থেকে প্রায় ২০০ গজ দূরে একটি কালভার্টের সামনে পৌঁছালে তিনি হঠাৎ নৌকা থেকে বিলের পানিতে পড়ে যান। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে মসজিদের মাইকে ঘোষণা দেন। খবর পেয়ে এলাকার জেলে ও উৎসুক জনতা নৌকা নিয়ে এবং সাঁতরে উদ্ধার অভিযানে অংশ নেন। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর মাছ ধরার বেড়জাল ব্যবহার করে তাঁকে বিলের পানি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ে মোছা. শুপরা জানান, এটি একটি নিছক দুর্ঘটনা। তাঁর বাবার মৃত্যুকে ঘিরে পরিবারের কারও কোনো সন্দেহ বা অভিযোগ নেই। এ কারণে তাঁরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বরাবর ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি চেয়ে আবেদন করেন। পরে প্রশাসনের অনুমতি ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বুধবার পারিবারিক কবরস্থানে নোয়াব মিয়াকে দাফন করা হয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং এডিএমের অনুমোদন পাওয়ায় নিয়ম অনুযায়ী ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নোয়াব মিয়ার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares