বাঞ্ছারামপুরে মাসব্যাপী শিল্প-পণ্য ও বাণিজ্য মেলার উদ্বোধন
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাসব্যাপী শিল্প-পণ্য ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় পৌর এলাকার ফায়ার সার্ভিস মাঠে নেক্সোরা ট্রেডিং করপোরেশনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ মেলার উদ্বোধন করা হয়।
ফিতা ও কেক কেটে মেলার উদ্বোধন করেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য ভিপি একেএম মুছা। পরে মেলা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।
প্রধান অতিথির বক্তব্যে মেহেদী হাসান পলাশ বলেন, দীর্ঘদিন ধরে বাঞ্ছারামপুরের মানুষ সুস্থ বিনোদন থেকে বঞ্চিত ছিলেন। মাসব্যাপী এ মেলার মাধ্যমে সেই অভাব কিছুটা হলেও পূরণ হবে। পাশাপাশি কুটির শিল্পের বিকাশে এ ধরনের মেলার প্রয়োজনীয়তা রয়েছে।
মেলা আয়োজকরা জানান, দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীরা শতাধিক স্টল নিয়ে মেলায় অংশ নিয়েছেন। মেলায় চারটি প্যাভিলিয়নসহ বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে। গৃহস্থালি পণ্য, শিশুদের খেলনা ও বিভিন্ন সামগ্রীর পাশাপাশি রয়েছে খাবারের দোকান।
শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা, নৌকাসহ বিভিন্ন রাইডের ব্যবস্থা করা হয়েছে।
আয়োজক কমিটির প্রধান হাবিবুর রহমান জানান, প্রতিদিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিনা মূল্যে মেলায় প্রবেশ ও রাইড উপভোগ করতে পারবে। এ ছাড়া সপ্তাহে এক দিন ছুটির দিনেও স্কুলশিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে প্রবেশ ও রাইড উপভোগের সুযোগ থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
« তিতাস নদীতে ছাত্রলীগের মহড়া: আখাউড়ায় তিন নেতাকর্মী গ্রেপ্তার (Previous News)



















