নাসিরনগর সরকারি কলেজে ইংরেজি ও আইসিটিতে অনার্সের অনুমোদন, হাওরাঞ্চলে উচ্চশিক্ষায় নতুন দিগন্ত
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ে ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে স্নাতক (সম্মান) বা অনার্স কোর্স চালুর অনুমোদন দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-৪ শাখার ২১ জুলাই জারি করা এক আদেশে এ অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়কে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ করা হয়, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নানের ডিও লেটারের প্রেক্ষিতে এ অনুমোদন দেওয়া হয়েছে।
অনার্স কোর্স চালুর খবরে নাসিরনগর ছাড়াও পার্শ্ববর্তী হবিগঞ্জের লাখাই, কিশোরগঞ্জের অষ্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এবং হবিগঞ্জের মাধবপুরসহ হাওরাঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে উৎসাহের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের মতে, নিজ উপজেলায় অনার্স পড়ার সুযোগ সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীরা কম খরচে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে। আর্থিক ও যোগাযোগ সমস্যার কারণে যেসব পরিবার মেয়েদের দূরের কলেজে পাঠাতে অনাগ্রহী, তাদের জন্য এ উদ্যোগ উচ্চশিক্ষার নতুন দ্বার খুলে দেবে।
ঢাকাস্থ নাসিরনগর ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মুক্তার হোসেন বলেন, নাসিরনগর সরকারি কলেজে অনার্স চালুর সিদ্ধান্ত প্রশংসনীয়। তবে ভাটি এলাকার শিক্ষার্থীদের শতভাগ সুবিধা নিশ্চিত করতে নাসিরনগর-ভলাকুট-চাতলপাড়-অরুয়াইল সড়কের ‘নাইন ব্রিজ’ প্রকল্প দ্রুত বাস্তবায়ন প্রয়োজন।
কবি শাহরিয়ার কাসেম বলেন, দীর্ঘদিন পর নাসিরনগরের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের পথে বড় অগ্রগতি হলো। আগে অনার্স করতে শিক্ষার্থীদের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী কিংবা জেলা সদরে যেতে হতো। এখন নিজ এলাকায় থেকেই অনার্স করার সুযোগ মিলবে।
নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম বলেন, ইংরেজি ও আইসিটির মতো যুগোপযোগী বিষয়ে অনার্স চালু হলে শুধু নাসিরনগর নয়, আশপাশের হাওরাঞ্চলের শিক্ষার্থীরাও উপকৃত হবে।
তবে অনার্স কোর্স চালু হলেও শিক্ষক সংকট বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। নাসিরনগর সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামিল ফোরকান বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আইসিটি বিষয়ে অনার্স চালুর ঘটনা ব্যতিক্রমী হলেও পর্যাপ্ত শিক্ষক না থাকায় কার্যক্রম শুরু করতে কিছুটা সময় লাগতে পারে।
একই মত প্রকাশ করে চাতলপাড় ডিগ্রি কলেজের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো. আব্দুল বাছির বলেন, দ্রুত অন্যান্য সরকারি কলেজ থেকে প্রয়োজনীয় শিক্ষক পদায়নের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
কলেজটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এ কে এম আমিনুল ইসলাম বলেন, দীর্ঘদিনের প্রচেষ্টার ফল হিসেবে অনার্স কোর্স চালুর অনুমোদন এসেছে। ভবিষ্যতে রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান ও অর্থনীতির মতো বিষয়ও চালু করা গেলে শিক্ষার্থীরা আরও বেশি উপকৃত হবে।
নাসিরনগর সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. রমজান আলী বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী অনার্স কোর্স চালুর প্রস্তুতি নেওয়া হবে। শিক্ষক সংকট দূর করতে ইতোমধ্যে আবেদন করা হয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় শিক্ষক পদায়নের আশা করা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান বলেন, তার উদ্যোগ ও ডিও লেটারের ভিত্তিতে কলেজটিতে ইংরেজি ও আইসিটি বিষয়ে অনার্সের অনুমোদন মিলেছে। তিনি বলেন, এটি বাস্তবায়িত হলে নাসিরনগরের পাশাপাশি পুরো হাওরাঞ্চলের শিক্ষার্থীরা উপকৃত হবে। ভবিষ্যতে আরও কয়েকটি বিষয়ে অনার্স চালুর উদ্যোগ নেওয়া হবে।
১৯৮৭ সালে প্রতিষ্ঠিত নাসিরনগর সরকারি ডিগ্রি মহাবিদ্যালয় ২০১৮ সালে সরকারিকরণ করা হয়। ৩২ একর আয়তনের ক্যাম্পাসে বর্তমানে এক হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। কলেজটিতে উচ্চ মাধ্যমিক, ডিগ্রি (পাস) ও স্নাতকোত্তর কোর্স চালু রয়েছে। ইংরেজি ও আইসিটিতে অনার্স চালু হলে প্রতিষ্ঠানটির উচ্চশিক্ষার পরিধি আরও বিস্তৃত হবে।
« ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইউনাইটেড ওয়ারিয়র্স (Previous News)
(Next News) ব্রাহ্মণবাড়িয়ায় পলিথিনের বিকল্প উৎপাদন ও বাজারজাতকরণে ব্যবসায়ী নেতাদের সঙ্গে তরী বাংলাদেশের মতবিনিময় »



















