নবীনগরে বালুমহালের সীমানার বাইরে গিয়ে বালু উত্তোলন , দশ লক্ষ টাকা জরিমানা

মিঠু সূত্রধর পলাশ : নবীনগর উপজেলার নাসিরাবাদ বালুমহালে অবৈধ ভাবে উত্তোলন সংবাদে প্রশাসন অভিযান চালিয়েছে। বুধবার (১৯/১১) এ অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়ার রেভিনিউ ডেপুটি কালেক্টর ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মানস চন্দ্র দাস।
বালুমহালে তফসিল বহির্ভূত এলাকায় অতিরিক্ত ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করায় ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ১৫(১) ধারায় অভিযুক্ত ইজারাদারের পার্টনার ডালিম মিয়া (৩৪)কে দোষী সাব্যস্ত করে ১০,০০০০০/- (দশ লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী।
নাসিরাবাদের ব্যবসায়ী শাহদাদ হোসেন পায়েল এর মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স সামিউল ট্রেডার্স এই বালু মহালের ইজারা পায়।
ইজারার শর্ত ভঙ্গ ও সীমানা অতিক্রম করে দিনে ও রাতে বালু উত্তোলন করছেন সামিউল ট্রেডর্স নামের এই প্রতিষ্ঠান। এতে করে নদীর তীরবর্তী সোনাবালুয়া ঘাট, এমপি টিলা, নুরজাহানপুর, ঈদগা মাঠ ও কবরস্থানসহ নদী পাড়ের গ্রামগুলো নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী বলেন, বালুমহাল এলাকায় শর্তের বাইরে গিয়ে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। আগেও সীমানার বাইরে ড্রেজার মেশিন পাওয়া যাওয়ায় ইজারাদারের নয়জন লোককে জেল জরিমানা করা হয়েছে । আজকে আবার এই বালুমহালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে । এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।



















