গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে যুগপৎ আন্দোলনের প্রার্থীদের বিজয়ী করার কোনো বিকল্প নেই:: জোনায়েদ সাকি
উন্নত ও নিরাপদ বাঞ্ছারামপুর গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে ‘মাথাল’ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন বিএনপি ও গণসংহতি আন্দোলনসহ যুগপৎ আন্দোলনের প্রার্থী জোনায়েদ সাকি। রবিবার (৮ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুরে আয়োজিত বিভিন্ন নির্বাচনী পথসভা ও জনসভায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
পথসভায় ভোটারদের উদ্দেশ্যে জোনায়েদ সাকি বলেন, আপনাদের একটি ভোটই পারে এলাকার উন্নয়ন, শান্তি ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে। দীর্ঘদিন ধরে দেশের মানুষ গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়বিচার থেকে বঞ্চিত।
জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে যুগপৎ আন্দোলনের প্রার্থীদের বিজয়ী করার কোনো বিকল্প নেই।
তিনি আরো বলেন, আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট প্রতিষ্ঠিত হলে বিএনপির নেতৃত্বে যুগপৎ জোট সরকার গঠন করা হবে। সেই সরকার রাষ্ট্র সংস্কার ও সুশাসন নিশ্চিত করাসহ জনগণের মৌলিক অধিকার বাস্তবে রূপ দেবে। জোনায়েদ সাকি তার বক্তব্যে নতুন প্রজন্মের কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যখাতের আধুনিকায়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জোরালো প্রতিশ্রুতি দেন।
এ সময় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক ভিপি একেএম মূসা, সাবেক সাধারণ সম্পাদক মম ইলিয়াস এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মূসা। এ ছাড়া জেলা বিএনপি সদস্য ভিপি নাজমুল হক ও ভিপি সাজ্জাতসহ উপজেলা বিএনপি, কৃষকদল, স্বেচ্ছাসেবকদল, যুবদল, ছাত্রদল এবং কেন্দ্রীয় ও উপজেলা গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা মিছিলে ও সভায় অংশ নেন। প্রতিটি পথসভায় বিপুল সংখ্যক সাধারণ ভোটার ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।



















