২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ
[Web-Dorado_Zoom]
আগামী ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের নির্মাণকাজ শেষ করে সড়কটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন প্রকল্পের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সেতুমন্ত্রী বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। ছয় লেনে উন্নীতকরণের প্রকল্পটি অনেক আগে নেওয়া হলেও সাড়ে চার বছরেও এর অগ্রগতি সন্তোষজনক ছিল না। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি বলেন, গত ছয় মাসে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ফলে প্রকল্পের ভূমি অধিগ্রহণের কাজ প্রায় ৫৬ শতাংশ শেষ হয়েছে। আগামী দুই মাসের মধ্যে শতভাগ ভূমি অধিগ্রহণ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পের ভৌত কাজের অগ্রগতি বর্তমানে প্রায় ২৭ শতাংশ।
শেখ রবিউল আলম বলেন, প্রকল্পের কাজে যেসব বিচ্যুতি রয়েছে, সেগুলো কাটিয়ে দ্রুত বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। ১৩টি প্যাকেজের মধ্যে পাঁচটি প্যাকেজের কাজের অগ্রগতি সন্তোষজনক নয়। তবে বাকি আটটি প্যাকেজের কাজ সন্তোষজনকভাবে এগোচ্ছে।
তিনি বলেন, দরপত্রের শর্ত অনুযায়ী ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেনে উন্নীতকরণের কাজ শেষ করে জনগণের জন্য খুলে দিতে চায় সরকার।
সেতুমন্ত্রী আরও বলেন, বর্তমানে প্রকল্পের কাজের অগ্রগতি সন্তোষজনক হলেও নির্মাণকাজের কারণে কিছুটা জনদুর্ভোগ হচ্ছে। দীর্ঘ সময় প্রকল্পের কাজের উল্লেখযোগ্য অগ্রগতি না থাকায় বর্তমানে নির্মাণকাজে চাপ বেড়েছে। ভূমি অধিগ্রহণ ছিল প্রকল্প বাস্তবায়নের অন্যতম বড় সমস্যা। এখন সেই সমস্যা কাটিয়ে ওঠার পথে রয়েছে সরকার।
যেসব প্যাকেজে ভৌত কাজের অগ্রগতি সন্তোষজনক নয়, সেগুলোর কাজ কীভাবে আরও জোরদার করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। পরিদর্শনকালে প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা সেতুমন্ত্রীকে প্রকল্পের বর্তমান অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।
« নবীনগর-বাঞ্ছারামপুর সড়কের উন্নয়নকাজ শুরু (Previous News)



















