Main Menu

সরাইলে ৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সংঘর্ষ, পাওনা টাকা নিয়ে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ বাজারে পাওনা টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সূর্যকান্দি ও ধরন্তী গ্রামের লোকজনের মধ্যে শুরু হওয়া সংঘর্ষ চার ঘণ্টা পেরিয়েও নিয়ন্ত্রণে আসেনি। এ ঘটনায় মো. হাদিম মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (২৮ জুন) রাত ৮টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। তবে রাত পৌনে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে এবং পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। কালিকচ্ছ বাজারের বিভিন্ন দোকানে লুটপাটও চলছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাওনা টাকা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রথমে কালিকচ্ছ বাজারে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নিলে সূর্যকান্দি ও ধরন্তী গ্রামের শতাধিক লোকজন এতে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র ব্যবহারের ঘটনাও ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
সংঘর্ষে গুরুতর আহত হন চাকসার মূলবর্গ গ্রামের বাসিন্দা মো. সামছু মিয়ার ছেলে মো. হাদিম মিয়া (৪৫)। পরে তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মো. আলী আযম রাকিব হাদিম মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান একজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।” পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares