সরাইলে ৩ বছরের সাজা এড়াতে ১২ বছর পলাতক
[Web-Dorado_Zoom]
মোহাম্মদ মাসুদ, সরাইল : অর্থ আত্মসাতের মামলায় তিন বছরের সাজা হওয়ার পর ১২ বছর ধরে পলাতক ছিলেন আসামি। অবশেষে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার রাতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও মামলার নথি সূত্রে জানা গেছে, আসামি মুর্শেদ খাদেম ওই গ্রামের প্রয়াত ফরিদ মিয়ার ছেলে। ২০১২ সালে ইট সরবরাহের চুক্তিতে হরলাল দেবনাথ নামে এক ব্যক্তির কাছ থেকে স্ট্যাম্পে লিখিত চুক্তির মাধ্যমে সাড়ে তিন লাখ টাকা নেন মুর্শেদ। তবে টাকা নেয়ার পর তিনি ইট সরবরাহ না করে নানা টালবাহানা করতে থাকেন। একপর্যায়ে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।
পরে ২০১৩ সালে হরলাল তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করেন। ওই মামলায় ২০১৪ সালে আদালত মুর্শেদকে তিন বছরের কারাদণ্ড দেন। এরপর থেকেই তিনি গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সরাইল থানার পুলিশ শাহাজাদাপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. মনজুরুল কাদের ভূইয়া জানান, মুর্শেদ খাদেমের বিরুদ্ধে আদালতের দেয়া গ্রেপ্তারি পরোয়ানা ছিল। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
« নবীনগরে মা-ছেলে নিখোঁজ, থানায় জিডি (Previous News)



















