সরাইলে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৫
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (১৩ জুন) সকালে সরাইল থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রনি মিয়া (৩১) এবং অপহরণ মামলার আসামি হৃদয় মিয়া (২৭)। এছাড়া আদালতের পরোয়ানাভুক্ত আসামি ইয়াছিন মিয়া (২৫), মো. নজরুল ইসলাম (৪০) ও দ্বীন ইসলাম (৩২) রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রনি মিয়ার বিরুদ্ধে সরাইল থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা রয়েছে। অপরদিকে হৃদয় মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা অপহরণ মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। বাকি তিনজন দীর্ঘদিন ধরে আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূইয়া বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
« আশুগঞ্জে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ (Previous News)
(Next News) ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৫ জন গ্রেপ্তার »



















