সরাইলে দিগন্ত বাস খাদে পড়ে নিহত ৪, আহত ১০
[Web-Dorado_Zoom]
সরাইলে যাত্রীবাহী একটি লোকাল বাস খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
সোমবার (৮ জুন) ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বৈশামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোকাল যাত্রীবাহী বাসটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বৈশামোড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তেই বাসটি সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন যাত্রী নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মো. আব্দুল বাতেন বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় এই হতাহতের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে গিয়ে গুরুতর অবস্থায় ৮ জনকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে জানতে পেরেছি চারজন নিহত হয়েছেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
« কসবায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত (Previous News)
(Next News) ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০ »



















