সরাইলে তিতাস নদীতে নৌকা বাইচ, লক্ষাধিক মানুষের ঢল
[Web-Dorado_Zoom]
মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদীতে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতাকে ঘিরে নদীর দুই তীরে ও আশপাশের এলাকায় নেমেছিল লক্ষাধিক মানুষের ঢল। নদীতে শত শত নৌকায় করেও বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা প্রতিযোগিতা উপভোগ করেন।
শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুচনী-বুড্ডা ও শাহবাজপুর ইউনিয়নের ক্ষমতাপুর এলাকার যুবকদের উদ্যোগে গঠিত মাদকবিরোধী তরুণ শক্তি সংগঠনের আয়োজনে বুড্ডা এলাকায় তিতাস নদীতে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
ক্ষমতাপুরের পশ্চিম দিক থেকে বুড্ডা নদীর ঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নদীর তীর ছাড়িয়ে শত শত ভাড়া করা নৌকাতেও দর্শনার্থীদের উপস্থিতি দেখা যায়। বিশেষ করে নারীদের ব্যাপক উপস্থিতি প্রতিযোগিতায় ভিন্ন মাত্রা যোগ করে।
আয়োজক কমিটির সভাপতি ও নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদ জানান, এবারের প্রতিযোগিতায় শেখ বয়েজ ক্লাব, শাপলা বয়েজ ক্লাব, এক্তারপুরের মজিবুর রহমান, বুল্লার বাসু মিয়া ও এক্তারপুরের শাহআলম মিয়ার নৌকা অংশ নেয়।
প্রতিযোগিতায় ক্ষমতাপুরের শাপলা বয়েজ ক্লাব প্রথম, বুড্ডার শেখ বয়েজ ক্লাব দ্বিতীয় এবং বুল্লার বাসু মিয়ার নৌকা তৃতীয় স্থান অর্জন করে।
প্রথম স্থান অধিকারী নৌকাকে ৭৫ হাজার টাকা মূল্যের একটি ষাঁড় গরু, দ্বিতীয় স্থান অধিকারীকে একটি ফ্রিজ এবং তৃতীয় স্থান অধিকারীকে একটি টেলিভিশন পুরস্কার দেওয়া হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্যান্য নৌকার মালিকদেরও দেওয়া হয় সান্ত্বনা পুরস্কার।
নৌকা বাইচের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ। উদ্বোধক ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আশরাফুল করিম রিপন, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, সাবেক সদস্যসচিব নুর আলম, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতহার হোসেন মৃধা বকুল, আয়োজক সংগঠনের অন্যতম উপদেষ্টা ও রিয়াদস্ত সরাইল বিএনপির সভাপতি শেখ রাকিব উদ্দিন, ইউপি সদস্য অলি আহাদ মৃধা, নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জালাল, শাহবাজপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. শাহীন ও যুবদল নেতা সুমন খান।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নৌকা বাইচকে ঘিরে তিতাস নদীর দুই পাড়ে দিনভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ঐতিহ্যবাহী এ আয়োজন দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষজন ছুটে আসেন।
« কসবায় কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার (Previous News)



















