Main Menu

সরাইলে টিভিতে খেলা দেখার কথা বলে বের হয়ে নিখোঁজ: সকালে যৌনাঙ্গে গুরুতর জখম অবস্থায় উদ্ধার

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মজিবুর রহমান (৫৭) নামে এক ব্যক্তিকে পুরুষাঙ্গে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পরিবারের দাবি, তার অবস্থা সংকটাপন্ন।
সোমবার (৩ আগস্ট) ভোর ৬টার দিকে উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামের জরু মিয়ার বাড়ির রান্নাঘর থেকে তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। আহত মজিবুর রহমান রাজাপুর গ্রামের মধ্যপাড়া এলাকার মৃত কিতাব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (২ আগস্ট) রাত ৮টার দিকে রাতের খাবার খেয়ে টেলিভিশনে খেলা দেখার কথা বলে বাড়ি থেকে বের হন মজিবুর রহমান। এরপর তিনি আর বাড়ি না ফেরায় সোমবার ভোরে তার স্ত্রী ও মেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে জরু মিয়ার বাড়ির রান্নাঘরে গিয়ে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে আশপাশের লোকজনকে খবর দেন। পরে স্থানীয়রা সেখানে গিয়ে মজিবুর রহমানকে পুরুষাঙ্গ কাটা ও জখম অবস্থায় উদ্ধার করেন।
স্থানীয়দের দাবি, তার নাভির নিচ থেকে পুরুষাঙ্গ পর্যন্ত ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাদের ধারণা, তাকে কোনো নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করার পর ঘটনাটি ঘটিয়েছে কেউ। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি ও অরুয়াইল পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার রহস্য উদ্ঘাটন, জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares