সরাইলে জায়গা নিয়ে বিরোধের জের ধরে একই গোষ্ঠীর মাঝে সংঘর্ষ, আহত ৩০
মোহাম্মদ মাসুদ, সরাইল : সরাইলে দেওড়া গ্রামে জায়গা নিয়ে বিরোধের জের ধরে একই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ শনিবার ( ১৫ নভেম্বর) সকাল ৯ টায় উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত সহ বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের শিকার হয়। আহতরা উপজেলা ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওড়া গ্রামের মাগুরহাটি গ্রামের একটি জায়গা নিয়ে স্থানীয় দানা মিয়া ও একই গোষ্ঠীর শিপন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এনিয়ে শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জের ধরে আজ সকালে ফের উভয়পক্ষের লোকজন টেঁটা বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া। ইট পাটকেল নিক্ষেপে গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়, ভাঙচুরের শিকার হয় বেশ কয়েকটি বাড়িঘর।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী বলেন, জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে একই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।



















