সরকারি কাজে বাধা মামলায় নবীনগরে জাতীয় যুবসংহতির সাবেক সভাপতি গ্রেপ্তার
[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় যুবসংহতির নবীনগর উপজেলা শাখার সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২ আগস্ট) সকালে উপজেলার পৌর এলাকার মাঝিকাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া মোয়াজ্জেম হোসেন মাঝিকাড়া গ্রামের জীবন বেপারির ছেলে।
পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, গত ২৬ জুলাই নবীনগর পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. ওয়াদুদ হোসেন বাদী হয়ে নবীনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় দায়িত্ব পালনকালে পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের কাজে বাধা দেওয়া, তাদের ওপর হামলা চালানো এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল ইসলাম বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেছেন, মোয়াজ্জেম হোসেনের গ্রেপ্তারের পর এলাকায় স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে তার বিরুদ্ধে অতীতে সাংবাদিকের ওপর হামলা, সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য এবং সাংবাদিক পরিচয় ব্যবহার করে হয়রানির অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এ মামলায় কোনো মন্তব্য করা হয়নি।
« ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অনার্স শিক্ষার্থীর (Previous News)
(Next News) জরিমানা করায় ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এমপির কাছে ব্রাহ্মণবাড়িয়া বেসরকারি হাসপাতাল মালিকদের স্মারকলিপি »



















