Main Menu

‘শিশু চুরি’র মামলায় কারাগারে মা, ৯ মাসের শিশুসহ তিন সন্তান নিয়ে বিপাকে বাবা

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ‘শিশু চুরি’র অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় দুই মাস ধরে কারাগারে রয়েছেন সাবিনা (২৮)। তাঁর ছোট সন্তানের বয়স মাত্র নয় মাস। মায়ের অনুপস্থিতিতে তিন সন্তানকে নিয়ে চরম বিপাকে পড়েছেন বাবা সফিক মিয়া। মায়ের স্নেহ-ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে মায়ের ফেরার অপেক্ষায় দিন কাটছে শিশুদের।
সফিক মিয়া ভাঙারি সংগ্রহ করে বিক্রি করে সংসার চালান। আখাউড়া পৌরশহরের খড়মপুর বাইপাস রেলগেট এলাকার খাদেম বাড়িতে টিনের চালার একটি ঘরে স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করতেন তিনি। স্ত্রী কারাগারে থাকায় সন্তানদের খাওয়ানো, গোসল করানো ও দেখাশোনার পাশাপাশি তাঁর জামিনের জন্য আদালতে ছুটতে হচ্ছে তাকে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ জুন আখাউড়া দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার এলাকায় একটি শিশুসহ সাবিনাকে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে তাঁকে শিশুসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়। খবর পেয়ে শিশুটির অভিভাবক থানায় এসে সন্তানকে নিয়ে যান। পরে সাবিনার বিরুদ্ধে শিশু চুরির অভিযোগে মামলা করেন ওই শিশুর অভিভাবক। ওই মামলায় গ্রেপ্তারের পর থেকে কারাগারে রয়েছেন সাবিনা।
সফিক মিয়া বলেন, ‘আমার স্ত্রী মানসিকভাবে অসুস্থ। সে বাচ্চা চুরি করেনি। কথার প্যাঁচে পড়ে জেল খাটছে। তিন সন্তান নিয়ে আমি খুব কষ্টে আছি। আমি গরিব মানুষ। কীভাবে তাকে জামিন করাব, বুঝতে পারছি না। বাচ্চাগুলো সারাক্ষণ মায়ের জন্য কান্নাকাটি করে।’
সাবিনার বড় ছেলে ইব্রাহিম কান্নাজড়িত কণ্ঠে বলে, ‘অনেক দিন মাকে দেখি না। আমার মাকে এনে দাও।’
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, একটি শিশুসহ সাবিনাকে আটক করা হয়েছিল। পরে শিশুটির অভিভাবক চুরির অভিযোগে মামলা করেন। ওই মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares