Main Menu

রথযাত্রা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য র‌্যালি

[Web-Dorado_Zoom]
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে আয়োজিত এ র‌্যালিতে হাজারো ভক্ত অংশ নেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) ব্রাহ্মণবাড়িয়া শাখার উদ্যোগে শহরের মধ্যপাড়া শ্রী শ্রী রাধামাধব জিউর মন্দির থেকে র‌্যালিটি বের হয়। পরে এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়ি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র‌্যালিতে সনাতন ধর্মাবলম্বীদের হাজারো নারী-পুরুষ অংশ নেন। এ সময় ভক্তরা ধর্মীয় সংগীত, কীর্তন ও নানা ধর্মীয় স্লোগানের মাধ্যমে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন।
রথযাত্রা সম্পর্কে ভক্তরা জানান, এ উৎসবের মাধ্যমে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের বার্তা ছড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি বিশ্বে শান্তি প্রতিষ্ঠা এবং অসহিষ্ণুতা দূর করার প্রার্থনাও করা হয়। আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ বছরের রথযাত্রার আনুষ্ঠানিকতা শেষ হবে।
র‌্যালি শেষে ব্রাহ্মণবাড়িয়া ইসকনের সভাপতি রত্নেশ্বর দাস ব্রহ্মচারী বলেন, “রথযাত্রা সারা বিশ্বের জন্য সম্প্রীতি, ভালোবাসা ও শান্তির বার্তা বহন করে। এ উৎসবে জাতি-বর্ণ নির্বিশেষে সবাই অংশ নিতে পারেন। বিশ্বাস করা হয়, রথযাত্রার সময় জগন্নাথ দেব মন্দির থেকে বের হয়ে সাধারণ মানুষকে কৃপা দান করেন। রথের দড়িতে টান দিতে পারলে তা পুণ্যের কাজ হিসেবে বিবেচিত হয়।”
এদিকে, রথযাত্রা উপলক্ষে শহরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাস। তিনি বলেন, “উৎসবকে কেন্দ্র করে কোথাও যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।”





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares