Main Menu

মন্ত্রণালয়ের নির্দেশ উপেক্ষা, অনুমোদন ছাড়াই সরকারি হাসপাতালের পাশে বিএনপি নেতার ক্লিনিক

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছাকাছি এলাকায় একটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের প্রাথমিক কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক বা হাসপাতালের অনুমোদন না দেওয়ার নির্দেশনার মধ্যে এ কার্যক্রম উদ্বোধন নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কসবা পৌর এলাকার কদমতলী মোড়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ‘কসবা মডেল হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার’-এর প্রাথমিক কার্যক্রম উদ্বোধন করা হয়। হাসপাতালটির অন্যতম পরিচালক ও কসবা উপজেলা বিএনপির সহসভাপতি ইকলিল আজম এর উদ্বোধন করেন। পরে সেখানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে হাসপাতালটির অন্যতম পরিচালক ইকলিল আজম বলেন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি লিজ নিয়ে প্রায় এক মাস আগে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদনের জন্য আবেদন করেছেন তারা। ট্রেড লাইসেন্স পেলেও এখনো অনুমোদন পাওয়া যায়নি। চিকিৎসক নিয়োগ দেওয়া হয়নি এবং পূর্ণাঙ্গ কার্যক্রমও শুরু হয়নি। প্রাথমিক কার্যক্রম হিসেবে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, বেসরকারি হাসপাতালটির কার্যক্রম সরকারি সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক হলে প্রয়োজনে এটি অন্যত্র সরিয়ে নেওয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান বলেন, বেসরকারি হাসপাতালটির অনুমোদন না থাকলে কিংবা এটি সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে হলে বিষয়টি খোঁজ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ে অনুষ্ঠিত এক সভায় সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো ক্লিনিক বা হাসপাতালের অনুমোদন না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। একইসঙ্গে ওই সীমানার মধ্যে বিদ্যমান কোনো ক্লিনিকে সরকারি হাসপাতালের চিকিৎসকদের চিকিৎসাসেবা দেওয়ার সুযোগ না রাখার নির্দেশনাও দেওয়া হয়।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares