ব্রাহ্মণবাড়িয়া শহরে বাড়ির চারপাশে ক্যামেরা লাগিয়ে মাদকের রমরমা বাণিজ্য, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়ার শান্তিবাগ এলাকার জুবলী রোডে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করে পুলিশের গতিবিধি নজরদারির মাধ্যমে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ইয়াবা, নগদ টাকা এবং নজরদারি সরঞ্জাম জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার একটি টিনশেড ঘরে বসে মো. জিয়ামিন (৪২) ও তার স্ত্রী শিপা বেগম (৩৯) মাদক চোরাকারবার পরিচালনা করে আসছিলেন। বাড়িটির চারপাশে তিনটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা
ছিল। এসব ক্যামেরার মাধ্যমে বাইরে নজরদারি করে অপরিচিত ব্যক্তি বা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেলেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হতো।
শনিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জিয়ামিন পালিয়ে গেলেও ঘরের ভেতর থেকে তার স্ত্রী শিপা বেগমকে আটক করা হয়।
অভিযানের সময় ঘর থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ২১ হাজার ৫২০ টাকা, একটি সিসিটিভি ভিডিও রেকর্ডার এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
স্থানীয়দের দাবি, বাড়িটিতে বিশেষ করে রাতের বেলায় লোকজনের আনাগোনা বেশি ছিল। সিসিটিভি নজরদারির কারণে অনেকেই প্রকাশ্যে অভিযোগ করতে সাহস পেতেন না।
রোববার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “বাড়ির বাইরে তিনটি সিসিটিভি ক্যামেরা লাগিয়ে পুলিশের গতিবিধি পর্যবেক্ষণ করা হতো। প্রযুক্তি ব্যবহার করে অভিনব কৌশলে মাদক ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। অভিযানে ইয়াবা ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।”
তিনি আরও জানান, পলাতক জিয়ামিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার শিপা বেগমকে আদালতে পাঠানো হয়েছে এবং জিয়ামিনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
« বিজিবি-বিএসফ সীমান্ত বৈঠকের এজেন্ডায় থাকছে – ত্রিপুরার বর্জ্যে ব্রাহ্মণবাড়িয়ার নদী-খাল দূষণের বিষয়টি (Previous News)



















