Main Menu

ব্রাহ্মণবাড়িয়া শহরের ২১২টি পুকুর সংরক্ষণসহ খাল-জলাশয় রক্ষায় ঢেউ’র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর, খাল ও জলাশয় সংরক্ষণসহ সাত দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নদী ও জলাশয় সুরক্ষাবিষয়ক সামাজিক সংগঠন ‘ঢেউ’। পরে জেলা প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়।
রোববার (৫ জুলাই) সকালে পৌর শহরের পুরাতন কাচারী মোড়ের ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং সচেতন নাগরিকেরা অংশ নেন।
সমাবেশে সংগঠনের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম আহাদ সাত দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—তিতাস নদীর উৎপত্তিস্থল ভাদুঘর থেকে মেড্ডা শ্মশানঘাট পর্যন্ত ২৬টি খাল পুনরুদ্ধার, টাউন খাল দখলমুক্ত ও নৌচলাচলের উপযোগী করা, পৌরসভার ১০টি পুকুরসহ শহরের ২১২টি পুকুর সংরক্ষণ করে গেজেটভুক্ত করা, কাউতলী মোড় থেকে মেড্ডা বাসস্ট্যান্ড হয়ে ঘাটুরা মোড় পর্যন্ত সড়ক প্রশস্ত করা, খালের ওপর নির্মিত মার্কেট অপসারণ, পুরোনো জেলা কারাগারের স্থানে শিশু পার্ক নির্মাণ এবং যানজট ও শব্দদূষণ কমাতে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ ও অবৈধ হাইড্রোলিক হর্ন বন্ধে ব্যবস্থা নেওয়া।
সংগঠনের আহ্বায়ক সোহেল আহাদ বলেন, একসময় অসংখ্য পুকুর, খাল ও জলাশয়ের জন্য পরিচিত ছিল ব্রাহ্মণবাড়িয়া। অবৈধ দখল, ভরাট ও অপরিকল্পিত নগরায়ণের কারণে এসব জলাশয় দ্রুত হারিয়ে যাচ্ছে। এর ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা বাড়ছে, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।
মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া চাই সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল হাছান তপু বলেন, একটি বাসযোগ্য শহর গড়ে তুলতে জলাশয় সংরক্ষণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। সমাজসেবক
কমরেড নজরুল ইসলাম বলেন, নদী, খাল ও জলাশয় জনগণের সম্পদ। এগুলো দখলমুক্ত করে পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।এ ছাড়া বক্তব্য দেন নীহার রঞ্জন সরকার, মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া চাই সংগঠনের সভাপতি মাহফুজুর রহমান পুষ্প, ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক শেখ আরিফ বিল্লাহ আজীজী,
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ নূরুল আমিন, প্রবীর চৌধুরী রিপন ও রোটারিয়ান আশিকুল আলম।বক্তারা বলেন, দাবিগুলো বাস্তবায়নে দ্রুত কার্যকর উদ্যোগ না নেওয়া হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares