ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে ফুটবল ফাইনাল, পুরস্কার বিতরণ
[Web-Dorado_Zoom]
বন্দিদের একঘেয়েমি জীবন থেকে কিছুটা মানসিক প্রশান্তি দিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কারাগারের অভ্যন্তরে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ।
খেলায় কারাবন্দিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কারা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ফাইনাল খেলাকে ঘিরে বন্দিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
খেলা উদ্বোধনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ বলেন, খেলাধুলা বন্দিদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক প্রশান্তি দেয়। এর মাধ্যমে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও ইতিবাচক মানসিকতার বিকাশ ঘটে।
তিনি বন্দিদের নিয়মিত শরীরচর্চায় যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, কারাগারে অবস্থানের সময়টিকে আত্মশুদ্ধির সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে। কারাগারের নিয়মকানুন মেনে চলার পাশাপাশি মুক্তির পর সমাজে দায়িত্বশীল নাগরিক হিসেবে পুনর্বাসিত হওয়ার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মো. মুজিবুর রহমান মজুমদার, জেলার হুমায়ুন কবির হাওলাদার, ডেপুটি জেলার জসিম উদ্দিনসহ কারাগারের কর্মকর্তা-কর্মচারীরা।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় কর্মকর্তারা বিজয়ী দলের পাশাপাশি অংশগ্রহণকারী সব বন্দিকে অভিনন্দন জানান।
কারা কর্তৃপক্ষের এ আয়োজন বন্দিদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্টরা জানান।
« আখাউড়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার (Previous News)
(Next News) নবীনগর-আশুগঞ্জ সড়ক: ভুল সমীক্ষায় বেড়েছে ১৮৩ কোটি টাকা »



















