Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় হকারদের বাধায় উচ্ছেদ অভিযান পন্ড, ফিরে গেল পৌরসভার কর্মীরা

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া শহরের ব্যস্ততম কোর্ট রোড (শহীদ পুল সড়ক) এলাকায় ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে পরিচালিত উচ্ছেদ অভিযান হকারদের বাধার মুখে স্থগিত করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ী ও পৌর প্রশাসন সূত্রে জানা যায়, কোর্ট রোডের বিভিন্ন পয়েন্টে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। এর আগে সকাল ১০টার দিকে হকারদের মালামাল সরিয়ে নেওয়ার জন্য মৌখিকভাবে জানানো হয়েছিল বলে দাবি করা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে তারা মালামাল সরিয়ে না নেওয়ায় দুপুরে উচ্ছেদ কার্যক্রম শুরু করতে যায় পৌরসভার লোকজন।
অভিযান শুরুর সময় হকাররা অভিযোগ করেন, তাদের আগে থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা তৈরি হলে পৌরসভার কর্মীরা অভিযান স্থগিত করে ফিরে যান।
স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে পথচারীদের চলাচলে চরম ভোগান্তি হচ্ছে এবং প্রায়ই যানজট সৃষ্টি হচ্ছে। তাদের দাবি, রনি নামে এক ব্যক্তি হকারদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন এবং উচ্ছেদ কার্যক্রমে বাধা দেন। ব্যবসায়ীদের অভিযোগ, এ ধরনের অবৈধ দখলের কারণে তাদের ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অন্যদিকে অভিযানে বাধা দেওয়া হকারদের মধ্যে রনি, রুবেল ও খোকন বলেন, স্থানীয় ব্যবসায়ীরা নিয়মিত তাদের ব্যবসায় বাধা সৃষ্টি করেন। তারা দাবি করেন, উচ্ছেদ অভিযানের বিষয়ে আগে থেকে তাদের অবহিত করা হয়নি। তাদের ভাষ্য, পৌরসভা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্দেশ দিলে তারা বিষয়টি বিবেচনা করবেন, তবে শুধুমাত্র স্থানীয় ব্যবসায়ীদের দাবির মুখে স্থান ত্যাগ করবেন না।
বিষয়টি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক (উপসচিব) শরিফুল ইসলাম বলেন, স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে কোর্ট রোডের ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে পৌরসভার লোকজন অভিযান পরিচালনা করতে গিয়েছিল। কিন্তু হকারদের বাধার কারণে অভিযান সফল হয়নি। তিনি জানান, ভবিষ্যতে আরও জোরালোভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ফুটপাত দখলমুক্ত করা হবে, যাতে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন হয়।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares