ব্রাহ্মণবাড়িয়ায় রথযাত্রার আনুষ্ঠানিকতা সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করার আহ্বান পুলিশের
[Web-Dorado_Zoom]
আগামী ১৬ জুলাই সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা এবং ২৪ জুলাই উল্টো রথযাত্রা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রথযাত্রা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
বুধবার (১৫ জুলাই) পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এ সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফ।
সভায় রথযাত্রা আয়োজনকারী জেলা পূজা উদযাপন কমিটি এবং বিভিন্ন থানা পর্যায়ের মন্দির কমিটির নেতৃবৃন্দ অংশ নেন। তারা রথযাত্রা ও উল্টো রথযাত্রার শোভাযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ এবং যানজটমুক্তভাবে সম্পন্ন করতে জেলা পুলিশের সহযোগিতা কামনা করেন।
পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফ বলেন, রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে। একই সঙ্গে তিনি আয়োজকদের সহিষ্ণুতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে উৎসব উদযাপনের আহ্বান জানান। নিরাপত্তার স্বার্থে রথযাত্রার সব আনুষ্ঠানিকতা সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করার জন্যও আয়োজকদের প্রতি অনুরোধ জানান তিনি।
সভায় জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



















