Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ভোটের প্রস্তুতি সম্পন্ন, নির্বাচনী সরঞ্জাম বিতরণ

[Web-Dorado_Zoom]

জেলায় আজ গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

আজ বুধবার সকাল থেকে জেলার ছয়টি সংসদীয় আসনের আওতাধীন ৯টি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তারা দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের কাছে ভোটগ্রহণের প্রয়োজনীয় সরঞ্জাম হস্তান্তর শুরু করেন। এরআগে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে সংসদ নির্বাচন ও গণভোটের সরঞ্জাম সংশ্লিষ্ট উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়।

এসব সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট পেপার, ব্যালট বাক্স, অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্রাস সিল, অমোচনীয় কালি, স্বচ্ছ ব্যালট বাক্সের লক, হেসিয়ান বড় ও ছোট ব্যাগ, মোম, গানি ব্যাগসহ নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য অপরিহার্য বিভিন্ন উপকরণ।

বুধবার সকাল থেকেই প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও আনসার সদস্যদের কাছে কঠোর নিরাপত্তা ও নির্ধারিত প্রটোকল অনুসরণ করে এসব সামগ্রী বুঝিয়ে দেওয়া হয়। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সরঞ্জাম সংরক্ষণ ও বিতরণে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, যাতে পরিবহন ও হস্তান্তর প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা না ঘটে।

জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ শানিয়াজ্জামান জানান, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জেলার ৬টি সংসদীয় আসনের ৮০৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উভয়ের জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা হয়েছে। সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণে সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট ভোটার সংখ্যা ২৫ লাখ ৬৮ হাজার ১২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ২৯ হাজার ৯৭৮ জন, নারী ভোটার ১২ লাখ ৩৮ হাজার ১৩৩ জন এবং প্রবাসী ও পোস্টাল ভোটার ৩৯ হাজার ৯৬৯ জন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিভিন্ন বাহিনীর মোট ৩ হাজার ৬৬৩ জন সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে সেনাবাহিনীর ৬২০ জন, বিজিবি’র ৪৩০ জন, পুলিশের ২ হাজার ৩৮৯ জন, র‌্যাবের ৭২ জন এবং আনসার ব্যাটালিয়নের ১৫২ জন সদস্য মাঠে থাকবেন। পাশাপাশি গ্রাম পুলিশ (চৌকিদার ও দফাদার) ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় দায়িত্ব পালন করবেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বাহিনীর পাশাপাশি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সক্রিয় রয়েছেন। নির্বাচনী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায়, অপরাধ প্রতিরোধ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং মাঠ পর্যায়ে নিয়োজিত বাহিনীগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ৪০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় মোট ৮০৫টি ভোটকেন্দ্রে ৮০৫ জন প্রিজাইডিং অফিসার, ৫ হাজার ১৫২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১০ হাজার ৩৬৪ জন পোলিং অফিসার নিয়োজিত রয়েছেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares