Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

[Web-Dorado_Zoom]
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৬ সেপ্টেম্বর) বাদ আসর জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। বিএনপির নেতাকর্মীরা তাদের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে প্রস্তুত রয়েছেন। জনগণের জানমাল ও দেশের শান্তি-শৃঙ্খলা যাতে নষ্ট করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
জ্বালানি সংকটকে বৈশ্বিক সংকট হিসেবে উল্লেখ করে শ্যামল বলেন, “আমরা ক্ষমতা গ্রহণের পর দুর্ভাগ্যজনকভাবে তেল উৎপাদনকারী দেশগুলোর সংকটের কারণে জ্বালানি তেলের দাম বেড়েছে। বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে এ সংকট আরও বেড়েছে। যেখানে আগে তেল ৮ ডলারে পাওয়া যেত, সেখানে এখন ২৮ ডলার দিয়ে কিনতে হচ্ছে।”
তিনি বলেন, বিএনপির নেতা তারেক রহমান ভর্তুকি দিয়ে জনগণের জ্বালানি চাহিদা পূরণে বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন।
বিরোধী রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে শ্যামল বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিরুদ্ধে একটি দল ষড়যন্ত্র করছে। তারা ১৯৮৬, ১৯৯৬ এবং ২০০৭-০৮ সালে ফ্যাসিস্ট দলের সঙ্গে মিলে ষড়যন্ত্র করেছিল বলে তিনি অভিযোগ করেন। বিএনপির নেতাকর্মীদের জনগণের সঙ্গে সমন্বয় করে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণ তাদের ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares