Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় মাছ সংরক্ষণে সচেতনতামূলক কর্মসূচি

[Web-Dorado_Zoom]
মৎস্যসম্পদ সংরক্ষণ, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং হাওরের জীববৈচিত্র্য রক্ষায় ব্রাহ্মণবাড়িয়ায় লিফলেট বিতরণ ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে জেলা মৎস্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় জেলা শহরের গোকর্ণঘাট বাজার, তিতাস নদীর ঘাট এলাকা, স্থানীয় জেলেপল্লি এবং আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে ডিমওয়ালা মা মাছ ও পোনা মাছ আহরণ থেকে বিরত থাকা, নিষিদ্ধ জাল ব্যবহার না করা এবং অবৈধভাবে মাছ আহরণ বন্ধে জনসাধারণকে সচেতন করা হয়। পাশাপাশি পরিবেশবান্ধব মাছ চাষ এবং মৎস্যসম্পদ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন, তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহামেদ, সোহেল রানা ভূঁইয়া, মাহফুজুর রহমান পুষ্প, আব্দুল হেকিম, বাচ্চু মিয়া, মোশারফ হোসেন, হারুন মিয়া, মোবারক মিয়া, আক্তার হোসেনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা এবং স্থানীয় ব্যক্তিরা।
জেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, দেশীয় মাছের উৎপাদন বাড়াতে ডিমওয়ালা মা মাছ ও পোনা মাছ সংরক্ষণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, টেকসই মৎস্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে জনসচেতনতা বাড়ানো জরুরি। এ লক্ষ্যেই মৎস্য অধিদপ্তর নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি পরিচালনা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন জেলে এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা পেলে তারা মৎস্যসম্পদ সংরক্ষণে সরকারি নির্দেশনা মেনে চলবেন। একই সঙ্গে তারা অভিযোগ করেন, এখনো কিছু অসাধু জেলে পোনা মাছ আহরণ ও বিক্রি করছেন, যা দেশীয় মাছের উৎপাদনের জন্য ক্ষতিকর। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারির দাবি জানান।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares