Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ছাদে ছিনতাইয়ের চেষ্টা, ধস্তাধস্তির পর নিচে পড়ে আহত যুবক

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইয়ের চেষ্টা প্রতিহত করতে গিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে এক যুবককে লাথি মেরে নিচে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে গুরুতর আহত ওই যুবককে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে সদর উপজেলার পাঘাচং রেলস্টেশনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম সিয়াম। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র ও আহতের স্বজনদের বরাতে জানা যায়, কসবা থেকে আশুগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে চট্টগ্রামগামী একটি ট্রেনে ওঠেন সিয়াম। ট্রেনে অতিরিক্ত ভিড় থাকায় তিনি ট্রেনের ছাদে অবস্থান নেন। পাঘাচং রেলস্টেশন অতিক্রম করার পর কয়েকজন ব্যক্তি তার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, ছিনতাইয়ের চেষ্টা প্রতিহত করতে গেলে তাদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে সিয়ামকে লাথি মেরে চলন্ত ট্রেন থেকে নিচে ফেলে দেওয়া হয়। পরে রেললাইনের পাশে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে রেলওয়ের এক কর্মী তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares