ব্রাহ্মণবাড়িয়ায় ঘর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় নিজ ঘর থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে পৌর শহরের পূর্ব মেড্ডা এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
মৃত মাহবুবুর রহমান খাঁন টিটু (৫৫) জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকার মহিউদ্দিন খাঁনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, টিটু পূর্ব মেড্ডা এলাকায় নিজ বাড়িতে একা বসবাস করতেন। সোমবার (২৭ অক্টোবর) তার এক বোনের সঙ্গে ফোনে কথা হয়।
এরপর থেকে আর কারো সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। পরে বৃহস্পতিবার সকালে তার বোন খবর নিতে বাড়িতে এলে স্থানীয়রা জানান যে বাড়ি থেকে পচা দুর্গন্ধ আসছে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘর থেকে মরদেহ উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এসআই মো. ওয়াসিম জানান, সকালে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে যে মরদেহ তিন/চার দিন আগের হবে। মরদেহে প্রচণ্ড দুর্গন্ধ রয়েছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে।



















