Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় কুরিয়ারের কাভার্ডভ্যান ডাকাতির চেষ্টা, ছুরিকাঘাতে ড্রাইভার ও হেলপার গুরুত্বর আহত

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ায় এসএ পরিবহনের জরুরী ডাক ও পণ্যবাহী কাভার্ডভ্যান ডাকাতির চেষ্টা হয়েছে। এসময় গাড়ির চাবি না দেয়ায় ডাকাতদের ছুরিকাঘাতে ড্রাইভার ও হেলপার গুরুত্বর আহত হয়েছে। শনিবার ভোররাতে সদর উপজেলার বুধল ইউনিয়নের মালিহাতা এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। গাড়িটি ঢাকা থেকে মালামাল নিয়ে হবিগঞ্জে যাচ্ছিল। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছে এসএপরিবহন কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শী ও আহতদের ভাষ্যমতে, ডাকাতরা দা, চাপাতি, ছুরি ও দেশীয় অস্ত্র নিয়ে গাড়িতে হামলা চালায়। এ সময় গাড়ির চালক মো. আব্দুল হালিম ও সুপারভাইজার মো. কামাল হোসেন বাধা দিলে ডাকাতরা তাদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। চালক মো. আব্দুল হালিমের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়। অপরদিকে সুপারভাইজার মো. কামাল হোসেনের বাম পাশের পাঁজর, বাহু ও নিতম্বে একাধিক ছুরিকাঘাত করা হয়।

ডাকাতরা আহতদের কাছ থেকে নগদ ৯ হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আহতদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের ব্রাহ্মণবাড়িয়া শাখার ম্যানেজার মো. আলতাফ হোসেন সদর মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares