Main Menu

বিজয়নগরে ৬ লেন রাস্তা নির্মাণে উচ্ছেদ অভিযান, ব্যবসায়ীদের ক্ষোভ

[Web-Dorado_Zoom]

জিয়াদুল হক বাবু: ঢাকা–সিলেট মহাসড়ককে ৬ লেনে উন্নীতকরণের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। বুধবার বিকেলে বুধন্তি, বীরপাশা ও ইসলামপুর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ব্যাংক, দোকানপাট, বাড়িঘরসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করা হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশফাকুল হক চৌধুরী।

স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে ৩/৪টি ভোল্ডোজার নিয়ে বাজারে অভিযান শুরু হলে কেউই প্রস্তুত হওয়ার সুযোগ পাননি। পূর্বে কোনো মৌখিক সতর্কতা বা সময় না দেওয়ায় অনেক দোকানের লাখ লাখ টাকার মালামাল নষ্ট হয়ে যায়। কয়েক কোটি টাকার প্রতিষ্ঠিত স্থাপনাও গুঁড়িয়ে যায় বলে অভিযোগ করেন স্থানীয়রা।

ব্যবসায়ী সুহেল মিয়া বলেন, “আমাদের কোনো সময় না দিয়ে দোকানে ভাঙচুর চালানো হয়েছে। সিমেন্টসহ দোকানের সব মালামাল নষ্ট হয়ে গেছে।”
অন্য ব্যবসায়ী মশু মিয়া বলেন, “আমরা বাজার কমিটির মাধ্যমে বৈধ দলিল করে দোকান কিনেছি। কোনো পূর্ব জানানো ছাড়াই দোকান ভেঙে দেওয়া হলো।”
লুতফুর মিয়া জানান, “কোনো যোগাযোগ, আলোচনা বা ক্ষতিপূরণ ছাড়াই অভিযান চালানো হয়েছে, ফলে সব কিছুই নষ্ট হয়ে গেছে।”

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশফাকুল হক চৌধুরী বলেন, “সড়ক উন্নয়ন কাজ চালু রাখতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তিন মাস আগে থেকেই নোটিশ দেওয়া হয়েছে এবং দুই দিন ধরে মাইকিং করে জানানো হয়েছে। তারা বিষয়টি গুরুত্ব না দেওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, উচ্ছেদকৃতরা অফিসে যোগাযোগ করলে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares