বিজয়নগরে ৪২ লাখ টাকার ভারতীয় কম্বল জব্দ করেছে বিজিবি
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৪২৬ পিস ভারতীয় কম্বল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা কম্বলের আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ৬০ হাজার টাকা।
শনিবার (২২ আগস্ট) বিকেলে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ অভিযান চালানো হয়।
বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ্ মোহাম্মদ জাব্বার আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগরের ইসলামপুর এলাকায় বিজিবির একটি বিশেষ টহল দল অবস্থান নেয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী ‘রোমার পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাসকে সন্দেহভাজন হিসেবে থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে বাসের ভেতর থেকে অবৈধভাবে আনা ৪২৬ পিস ভারতীয় উন্নতমানের কম্বল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করার তথ্য জানায়নি বিজিবি।বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
জব্দ করা কম্বলগুলো প্রচলিত আইনি প্রক্রিয়া শেষে আখাউড়া কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
« সরাইলে বিএনপির সাবেক নেতা মজিবুর রহমানকে হত্যাচেষ্টার অভিযোগ, ২০ দিনেও গ্রেপ্তার নেই (Previous News)
(Next News) ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের দুই নারী এমপিকে সংবর্ধনা »



















