Main Menu

বিজয়নগরে সিএনজিতে মিলল ৫ হাজার ইয়াবা, গ্রেপ্তার ৫

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজি অটোরিকশায় করে ইয়াবা পরিবহনের সময় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে ইয়াবা বহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের দেওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বিজয়নগর উপজেলার চানপুর গ্রামের আজগর আলীর ছেলে কবির হোসেন, তাজুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম, কাজী আবুল ফয়েজের ছেলে হান্নান কাজী ওরফে রুবেল, মৃত সেলিম মিয়ার ছেলে আব্দুল্লাহ এবং মৃত নুরুল হক ভূঁইয়ার ছেলে সহিদ ভূঁইয়া।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার একটি দল দেওয়ান বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হলে সিএনজিতে থাকা পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে উদ্ধার করা ইয়াবাসহ অন্যান্য মালামাল বিধি অনুযায়ী জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার কবির হোসেনের বিরুদ্ধে আগে দুটি, আব্দুল্লাহর বিরুদ্ধে একটি এবং সহিদ ভূঁইয়ার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বিজয়নগর থানায় একটি মাদক মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares