বাঞ্ছারামপুরে পুলিশের গাড়ি উল্টে আহত ৮
বাঞ্ছারামপুর উপজেলায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে গার্ড অব অনার দিতে যাওয়ার পথে পুলিশবাহী গাড়ি উল্টে আট পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক জানান, আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের দরিভেলানগর গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে পুলিশ বহন করা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
আহত পুলিশের সদস্যরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নিজাম, নায়েক জুয়েল মিয়া, কনস্টেবল মো. শরিফ, মো. মহিউদ্দিন, মেহেদী হাসান, জহির রায়হান, আবদুল সালাম ও মাইনুল হাসান। তাঁদের মধ্যে আহত নায়েক জুয়েল মিয়া ও কনস্টেবল শরিফকে উন্নত চিকিৎসার জন্য বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেওয়া হয়।
বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঞ্জন বর্মন প্রথম আলোকে বলেন, সকালে পুলিশের আটজন সদস্য স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। বর্তমানে পুলিশের ছয়জন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। দুজনকে উন্নত চিকিৎসার জন্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ ইয়াছিন মিয়া প্রথম আলোকে বলেন, ‘পুলিশ লাইনস থেকে আজ সকালেকে প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি স্যারের অনুষ্ঠানে নিরাপত্তা (প্রটোকল), সালামিসহ দায়িত্ব পালনের জন্য পুলিশের একটি গাড়ি উপজেলার উদ্দেশে রওয়া হয়। উপজেলা দরিভেলানাগর এলাকায় একটি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা পুলিশ সদস্যরা আহত হন। তাঁদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তিনি বলেন, পুলিশের আরেকটি দল প্রতিমন্ত্রীকে সালামি প্রদর্শন করেছে।



















