Main Menu

বাঞ্ছারামপুরে তেলের তীব্র সংকট: অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় হঠাৎ ডিজেল, পেট্রোল ও অকটেনের সরবরাহ বন্ধ হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, পরিবহন চালক, ব্যবসায়ী ও কৃষকরা।
উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, গত কয়েক দিন ধরে তেলের সংকট দেখা দিয়েছে। অধিকাংশ পাম্প ও দোকানে তেল না থাকায় স্থানীয় ডিলারদের ওপর নির্ভর করতে হচ্ছে। কোথাও কোথাও তেল পাওয়া গেলেও তা সরকারি দামের চেয়ে দুই থেকে তিনগুণ বেশি দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
মোটরসাইকেল চালক ইসমাইল বলেন, “গত তিন দিন ধরে তেলের জন্য এক দোকান থেকে আরেক দোকানে ঘুরছি, কিন্তু কোথাও পাচ্ছি না। আমরা যারা প্রতিদিন মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করি, তারা কার্যত অচল হয়ে পড়েছি।”
স্থানীয় ব্যবসায়ী ফারুক বলেন, “তেলের অভাবে বাইক বাড়িতে রাখতে হচ্ছে। প্রশাসন সরাসরি ব্যবস্থা নিলে ডিলাররা সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করতে পারতো না।”  নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন তেল ব্যবসায়ী জানান, বাজারে সরবরাহ না থাকায় তারা নতুন করে তেল আনতে পারছেন না। কোথাও পাওয়া গেলেও বেশি দামে কিনতে হচ্ছে, ফলে খুচরা পর্যায়ে দামও বেড়ে যাচ্ছে।
কলেজ শিক্ষার্থী রাকিব বলেন, “পরীক্ষা ও ক্লাসে যেতে সমস্যায় পড়ছি। বাইক থাকলেও তেল না থাকায় ব্যবহার করতে পারছি না—এটা সাধারণ মানুষের জন্য বড় দুর্ভোগ।” এদিকে স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ডিলার তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছেন এবং সুযোগ বুঝে বেশি দামে বিক্রি করছেন।
এ বিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল ইসলাম বলেন, “অতিরিক্ত দামে তেল বিক্রির বিরুদ্ধে আমরা অভিযান চালিয়ে ব্যবস্থা নিচ্ছি। সরবরাহ স্বাভাবিক রাখতে ডিলারদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।”





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares