Main Menu

ফিঙ্গারপ্রিন্টেও মেলেনি পরিচয়, সদর হাসপাতালে চিকিৎসাধীন অজ্ঞাত দুই বৃদ্ধ

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালে বর্তমানে দুইজন অজ্ঞাত বৃদ্ধ চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের একজনের আনুমানিক বয়স ৬৫ বছর এবং অন্যজনের বয়স আনুমানিক ৬০ বছর। এখনো তাঁদের কারও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে আনুমানিক ৬৫ বছর বয়সী এক অজ্ঞাত বৃদ্ধকে সদর হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। এর তিন থেকে চার দিন আগে কে বা কারা তাঁকে হাসপাতালের বারান্দায় রেখে চলে যায়। এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ওই সময় তিনি কোনো চিকিৎসাসেবা পাননি। পরে বিষয়টি নজরে এলে তাঁকে নতুন করে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়।
অন্যদিকে, গত শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ‘ঐক্যবদ্ধ আশুগঞ্জ’-এর সদস্য মোস্তাফা কামাল অসুস্থ অবস্থায় আনুমানিক ৬০ বছর বয়সী আরেক অজ্ঞাত বৃদ্ধকে সদর হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করেন। এর আগে গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঐক্যবদ্ধ আশুগঞ্জের সদস্যরা আশুগঞ্জ উপজেলার চর-চারতলা পেট্রোবাংলার সামনের এলাকা থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করে প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছিলেন।
পরিচয় শনাক্তের লক্ষ্যে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর সদস্যরা দুই বৃদ্ধের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেন। তবে যাচাই-বাছাই শেষে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা অন্য কোনো ব্যক্তিগত পরিচয় পাওয়া যায়নি।
বর্তমানে অজ্ঞাত এই দুই বৃদ্ধ ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর-এর তত্ত্বাবধানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আজহার উদ্দিন বলেন, “মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা এই দুই অজ্ঞাত বৃদ্ধের চিকিৎসার দায়িত্ব নিয়েছি। হাসপাতালের মাধ্যমে নিয়মিত চিকিৎসা, ওষুধ ও খাবারের ব্যবস্থা করা হচ্ছে। কিছু ওষুধ বাইরে থেকে সংগ্রহ করতে হয়েছে। দ্রুত তাঁদের পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারলেই আমাদের উদ্যোগ সফল হবে।”
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী বলেন, “অজ্ঞাত এই দুই বৃদ্ধ বর্তমানে মেডিসিন বিভাগের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধ ও সেবাসমূহ নিয়মিত দেওয়া হচ্ছে। রোগীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, “অজ্ঞাত দুই বৃদ্ধের পরিচয় শনাক্তে পুলিশি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট যাচাই করেও কোনো পরিচয় পাওয়া যায়নি। কেউ যদি তাঁদের পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে নিকটস্থ থানায় বা সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।”
মানবিক বিবেচনায় সংশ্লিষ্টরা অজ্ঞাত এই দুই বৃদ্ধের পরিচয় শনাক্তে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন। কেউ তাঁদের পরিচয় সম্পর্কে তথ্য জানলে সদর মডেল থানা অথবা ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর-এর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares