নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতার প্রতিবাদে ও গ্রেপ্তারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের মিছিল
[Web-Dorado_Zoom]
আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় দুই বছর আত্মগোপনে থাকার পর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনের প্রকাশ্যে দেখা যাওয়া ও কর্মসূচি পালনের ঘটনায় তাকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ মিছিল ও ছাত্রসমাবেশ করেছে জেলা ছাত্রদল।
সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টায় জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে জেলা ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশটি সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমান সাজিদ। এতে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জিমি হৃদয়, বিশ্ববিদ্যালয় সাধারন সম্পাদক রনি, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল সরকার, সাবেক সহসভাপতি মোকারম হোসেন আদি, যুগ্ম আহ্বায়ক রিজোয়ান হক (শীষ) এবং জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনের নেতৃত্বে সম্প্রতি নৌমহড়া ও সভা অনুষ্ঠিত হলেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। ওই কর্মসূচিতে অংশ নেওয়া কাউকেই এখনো গ্রেপ্তার করা হয়নি বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা শাহাদাৎ হোসেন শোভনসহ নিষিদ্ধ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রকাশ্যে এসে ছাত্রদলের মোকাবিলা করার আহ্বান জানান তারা।
« যুবদল নেতা জুনাইদের ভয়ে পালিয়ে বেড়ানোর অভিযোগ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন (Previous News)



















